ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দেড় হাজারের বেশি প্রার্থী। এর মধ্যে বিএনপির প্রার্থী আছে ২৮৩টিতে। আর জামায়াতে ইসলামীর প্রার্থী আছে ২১৫টি আসনে।
গতকাল মঙ্গলবার বিকেল ৫টা ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। রাত ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত নির্বাচন কমিশন কেন্দ্রীয়ভাবে প্রার্থিতা প্রত্যাহারসংক্রান্ত তথ্য জানাতে পারেনি। মোট কতজন প্রার্থিতা প্রত্যাহার করেছেন, কতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন, কোন দলের কত প্রার্থী আছেন—এসব তথ্য পাওয়া যায়নি। দলীয় সূত্রে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর সংখ্যা জানা গেছে।
আগামী ১২ ফেব্রুয়ারি ৩০০ সংসদীয় আসনে ভোটগ্রহণ করা হবে। একই দিনে হবে গণভোট। পাবনা ১ ও ২ আসনের নতুন তফসিল অনুযায়ী, আসন দুটিতে প্রার্থিতা প্রত্যাহারের সময় আছে ২৬ জানুয়ারি পর্যন্ত।